আহিল্যানগর (মহারাষ্ট্র) : ভয়ঙ্কর। স্কুলে যাওয়ার পথে উল্টে গেল ৫০ জন ছাত্র-ছাত্রীবাহী স্কুলবাস। দুর্ঘটনায় ১৫ জন ছাত্র জখম হয়েছে। রাস্তার একপাশে পুরো উল্টে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে জড়ো হন অনেকে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। মহারাষ্ট্রের আহিল্যানগরে ঘটনাটি ঘটেছে।

হাসপাতালে নিয়ে যাওয়া হয়...

রিপোর্ট অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় স্কুলবাসটি। তাতে একের পর এক ছাত্র জখম হয়। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে ছাত্রদের বের করার কাজে হাত লাগান। এরপরই চিকিৎসার জন্য আহত ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

দিনকয়েক আগেই মহারাষ্ট্রে স্কুলবাসের ওপর উপড়ে পড়েছিল আস্ত বট গাছ। সেইসময় বাসটিতে ছিল বেশ কয়েকজন ছাত্র। দুর্ঘটনার জেরে ১১ বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। জখম হয় আরও চারজন। মহারাষ্ট্রের চেম্বুরে একটি বেসরকারি স্কুলবাসে ঘটনাটি ঘটে। দুপুর ২টো ৫৮ মিনিট নাগাদ চেম্বুরে হেরিজেট প্রাইডের কাছে ১১ নম্বর রোডে দুর্ঘটনাটি ঘটে। খবরটি BMC, মুম্বই দমকলে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল।

তিলক নগরের ওই বেসরকারি স্কুলের ১৮ জন ছাত্রকে বাড়ি পৌঁছে দিচ্ছিল স্কুলবাসটি। কাছেপিঠেই থাকা পাঁচ ছাত্র ইতিমধ্যেই নেমে পড়েছিল। বাকিরা স্কুলবাসেই ছিল। যে সময় গাছটি উপড়ে পড়ে সেই সময় বাসটিতে ১৩ জন স্কুলছাত্র ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে ছাত্রদের উদ্ধার করেন বাসের কন্ডাক্টর। ৫ জন ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চারজন ছাত্রের অবস্থা স্থিতিশীল। তবে, বছর ১১-র এক ছাত্র বিহান শ্রীবাস্তবের মৃত্যু হয়। বিকাল ৪টে ২৩ মিনিট নাগাদ তাকে মৃত ঘোষণা করা হয়।

সেইসময় BMC-র অ্যাসিস্ট্যান্ট কমিশনার শঙ্কর ভোঁসলে বলেছিলেন, "গাছটি প্রায় ৭০ বছরের পুরনো। মে মাসে গাছটির ছাঁটাইয়ের কাজ করা হয়েছিল। গাছটি ভাল অবস্থায় মনে হয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে, সম্ভবত শিকড় পচে যাওয়ার কারণেই এটি উপড়ে পড়েছে।”

মুম্বইতে এ মাসে গাছ পড়ে যাওয়ার এটি দ্বিতীয় ঘটনা ছিল। বিএমসি (BMC)-র নিয়মিত পরিদর্শন সত্ত্বেও রাস্তার ধারের পুরোনো গাছগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে পুরোনো গাছগুলোর আরও বিশদ ও বৈজ্ঞানিক মূল্যায়নের দাবিও জোরালো হয়েছে—বিশেষ করে বর্ষাকালে, যখন অতিরিক্ত জলমগ্ন মাটি ও প্রবল বাতাসের কারণে গাছ উপড়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

from india https://ift.tt/dpE7ZDv
via IFTTT
0 Comments