বিলাসপুর (ছত্তীসগঢ়) : ভয়ঙ্কর ! পথ দুর্ঘটনায় ১৬ বছরের এক কিশোরের মৃত্যু। স্কুটি চালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তার। ভয়াবহ সেই দুর্ঘটনা সি সি টিভিতে ধরা পড়েছে। যা দেখে শিউরে উঠতে হয়। ছত্তীসগঢ়ের বিলাসপুরের ঘটনা।

যে সি সি টিভি ফুটেজটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, একদিক থেকে চারচাকার একটি গাড়ি দ্রুত গতিতে আসছে। উল্টোদিক থেকে আসছিল স্কুটি চালক ওই কিশোর। রাস্তার একটি বাঁকে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ঘটে। যার জেরে ওই কিশোর স্কুটি থেকে প্রায় ১০ ফুট উঁচুতে উড়ে গিয়ে পড়ে। স্কুটির পিছনে থাকা একটি স্কুলবাসে চারচাকা গাড়িটি ধাক্কা মেরে থেমে যায়।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে সিভিল লাইন্স থানা এলাকার একটি হাসপাতালের কাছে ওয়্যারহাউস রোডে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, CG 10 BH 7752 নম্বরের একটি গাড়ি দ্রুত গতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্কুটিকে ধাক্কা দেয়। দু'টি গাড়ির সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, চালক শূন্যে ছিটকে ওঠে এবং এরপর রাস্তায় আছড়ে পড়ে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ফুটেজটি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নিহত কিশোরের নাম রুদ্র প্রতাপ শর্মা (১৬)। সে মাংলার অভিষেক নগরের বাসিন্দা এবং একজন স্কুলছাত্র ছিল। পথচারীরা তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্কুটিটিকে ধাক্কা দেওয়ার পর চালক গাড়িটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি স্কুল মিনিবাসের (CG 10 NB 8858) সঙ্গে ধাক্কা খায়। বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এতে থাকা যাত্রীদের বড় কোনও আঘাতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে, দুর্ঘটনার পরপরই গাড়ির চালক ও অন্য আরোহীরা গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের কারও কারও অভিযোগ, গাড়িটি একজন নাবালক চালাচ্ছিল। তবে পুলিশ জানিয়েছে যে, বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

তদন্তকারীরা ক্ষতিগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করেছেন এবং চালককে শনাক্ত করার লক্ষ্যে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও গাড়ির নথিপত্র খতিয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনও নাবালক গাড়িটি চালাচ্ছিল, তবে মোটর ভেহিকেলস অ্যাক্ট ও অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুযায়ী গাড়ির মালিক এবং এ ঘটনার জন্য দায়ী অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

from india https://ift.tt/r7xLSEZ
via IFTTT
0 Comments