<p>আজ ১৫ অগস্ট। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের নারীরা যে ভূমিকা নিয়েছিলেন, তা আরও একবার স্মরণ করে নেওয়ার সময় এসেছে। ১৯৪৭ সালে দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা ছিল নারীদের। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে হোক কিংবা সমাজের সার্বিক উন্নয়ন, নারী-শিক্ষা, চিকিৎসা ক্ষেত্র - প্রায় সর্বত্রই পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন মহিলারা। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে ফের একবার ফিরে দেখা যাক সেই সমস্ত মহীয়সী নারীদের অবদান, যাঁরা না থাকলে হয়তো দেশ ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেত না। মাস্টারদা সূর্য সেনের অভিযানের একজন সক্রিয় সদস্য হিসেবে প্রীতিলতা ওয়াদ্দেদার কিংবা পশ্চিমবঙ্গের মাতঙ্গিনী হাজরার নাম বহু প্রচলিত। ইতিহাস বইয়ের পাতায় আরও অনেকেরই নাম আমরা দেখে থাকি। কিন্তু এমন আরও অনেকেই রয়েছেন, যাঁদের কথা হয়তো সেভাবে আজও জানি না আমরা। </p>
<p>ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো শুধুমাত্র ইতিহাস বই পড়ে বোঝা সম্ভব নয়। আর এই সিপাহি বিদ্রোহের ক্ষেত্রে এখনও অনেকেরই ধারণা রয়েছে যে, শুধু পুরুষরাই এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিপাহি বিদ্রোহের ক্ষেত্রে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের নাম প্রায় সকলেরই জানা। এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের ভূমিকার কথা বলতে গেলে রানি লক্ষ্মীবাঈয়ের নাম উঠে আসে প্রথমেই। কিন্তু শুধু ঝাঁসির রানি নন, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন আরও অনেক মহিলাই। তাঁদের মধ্যে কেউ ছিলেন রানি, কেউ বা ছিলেন গৃহবধূ। তবে নিজেদের কর্মকাণ্ডের জন্য তাঁরা সকলেই হয়ে উঠেছিলেন অনন্য। </p>
<p>তাঁদের মধ্যে একজন অবন্তীবাঈ। মহারানি অবন্তীবাঈ লোধি ছিলেন ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের অন্যতম একজন সক্রিয় সদস্য। তিনি আদতে মধ্যপ্রদেশের রামগড়ের রানি ছিলেন। ঝাঁসির জনপ্রিয় রানি লক্ষ্মীবাঈয়ের মতোই তাঁকেও ১৮৫৭ সালের বিদ্রোহের অন্যতম বীর ভারতীয় নারী যোদ্ধা হিসেবে গণ্য করা হয়। বীরদর্পে যুদ্ধক্ষেত্রে ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়েছিলেন এই অবন্তীবাঈ। </p>
<p>আরও এক মহীয়সী নারীর নাম ঝলকারিবাঈ। এই ঝলকারিবাঈ ছিলেন একজন কিংবদন্তী নারী সৈনিক, যিনি ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কথিত আছে, এই ঝলকারিবাঈ ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের নারী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ঝাঁসির রানির একজন বিশিষ্ট উপদেষ্টা পদেও উন্নীত হন বলে শোনা যায়। </p>
from india https://ift.tt/JjWKBkN
via IFTTT
0 Comments