নয়াদিল্লি : কয়েকদিন ধরে চলতে থাকা 'কূটনৈতিক সাসপেন্সের' অবশেষে অবসান ঘটল। ভারত সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লিতে আয়োজিত হতে চলা ১৮তম BRICS সম্মেলনে যোগ দেবেন তিনি। চিনের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত হতে চলা ১৮তম BRICS সম্মেলনে যোগ দেবেন।" এর আগে, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিয়া-কুন নয়াদিল্লিতে শি-র সফরের বিষয়ে নিশ্চিত কোনও তথ্য দেননি। ব্রিকস (BRICS) নেতাদের বৈঠকে যোগ দিতে চিনের প্রেসিডেন্ট এই সপ্তাহান্তে ভারত সফর করছেন কি না-এ বিষয়ে সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হলে গুও জিয়া-কুন বলেছিলেন, "আপনার তোলা বিষয়ে আমার কাছে দেওয়ার মতো কোনও তথ্য নেই।"

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরটি গত সাত বছরে ভারতে শি-র প্রথম সফর হতে চলেছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন এবং অজ্ঞাত সংখ্যক চিনা জওয়ান নিহত হয়েছিলেন। এর পরবর্তী সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শীতলতা দেখা দেয়, তার প্রেক্ষাপটে এই সফরটি হতে চলেছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এর আগে ২০১৯ সালে চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিতে শি ভারত সফর করেছিলেন।

শি প্রথমবার ভারতে এসেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে-যখন উভয় নেতাই তাঁদের প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন-এবং পরবর্তীতে ২০১৬ সালে ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে তিনি গোয়া সফর করেছিলেন।

from india https://ift.tt/Ckeb5EO
via IFTTT
0 Comments