শ্রীনগর : ফের বিমান-বিভ্রাট। এবার পার্কিংয়ের সময় ধাতব খুঁটিতে ধাক্কা বিমানের। ইন্ডিগোর বিমানের ধাক্কায় একপাশে হেলে গেল খুঁটিটি। শ্রীনগর বিমানবন্দরে ঘটেছে দুর্ঘটনাটি। নভি মুম্বই থেকে শ্রীনগরগামী ওই বিমানটিকে এদিন সকাল ৯টার সময় ৬ নম্বর বে-তে পজিশন করার সময় ঘটে দুর্ঘটনাটি। যদিও দুর্ঘটনায় কোনও যাত্রী বা ক্রু সদস্যদের কোনও ক্ষতি হয়নি। তাঁরা নিরাপদে রয়েছেন। দুর্ঘটনার পর ম্যানুয়াল এয়ারক্রাফট সিঁড়ি ব্যবহার করে যাত্রী ও ক্রুদের নিরাপদে বিমান থেকে নামানো হয়।

এয়ারলাইনের তরফে বলা হয়েছে, যাত্রী ও ক্রু-সহ সকলেই নিরাপদে রয়েছেন এবং বিমান থেকে নেমে এসেছেন। নির্ধারিত কার্যপদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিষয়টি জানানো হয়েছে এবং আমরা যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য বিমানটিকে আপাতত উড়ান থেকে বিরত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরই এটি পুনরায় অপারেশন শুরু করবে।

এদিকে বিমানবন্দরের কাজকর্ম স্বাভাবিক রয়েছে। বিমানের ওঠা-নামা হচ্ছে নির্ধারিত সময়সূচি মেনেই।

দিনকয়েক আগে ২২৯ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করেছিল ইন্ডিগোর বিমান। টেকঅফ অর্থাৎ উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিন ফেল করেছে বলে সন্দেহ হয় পাইলটের। যার জেরে গোয়া থেকে দিল্লিগামী ওই বিমানের পাইলট জরুরি ভিত্তিতে অবতরণ করতে বাধ্য হন। মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুততার সঙ্গে অবতরণ করানো হয় বিমানটি। সকাল ৯টা ১৬ মিনিট নাগাদ 6E 2102 বিমানটি টেকঅফ করে এবং বেলা ৯টা ৫০ মিনিটেই সেটি জরুরি ভিত্তিতে অবতরণ করে। তবে এই ঘটনার জেরে কোনও যাত্রী বা ক্রু-র সদস্য আহত হননি। জরুরি বার্তা পাওয়ার পর এমার্জেন্সি রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হয়েছিল।

এক আধিকারিক বলেন, "ইঞ্জিন বিকল হওয়ার আশঙ্কার কথা জানিয়ে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) সতর্ক করার এবং জরুরি অবতরণের অনুরোধ জানানোর পর সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।" কর্তৃপক্ষ জানান যে, নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)-এর একটি দল গোয়ায় গিয়ে বিমানটি পরিদর্শন করবে।

এক বিবৃতিতে ইন্ডিগো জানায়, বিমানটিতে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা চলছিল। সংস্থাটি আরও জানায়, উড়ানের পরপরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে নির্ধারিত কার্যপদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুসরণ করা হয়। “...সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং পাইলটরা বিমানটি ঘুরিয়ে নিয়ে মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।”

from india https://ift.tt/XDgkA3I
via IFTTT
0 Comments