Viral Video: সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে একটা প্রশ্নই মনে আসবে, মানুষ ঠিক কতটা অশালীন আচরণ করতে পারে? সম্প্রতি এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে এক ডেলিভারি বয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন একজন মহিলা। প্রথম থেকেই ওই মহিলার আচরণ যথেষ্টই বিরক্তিকর। যেমন গলার জোর, তেমন শরীরী ভাষা, সবেতেই তিনি মারমুখী। অন্যদিকে স্বভাবতই অপ্রস্তুত ওই ডেলিভারি বয়। তারপর হঠাৎই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই মহিলা আচমকা চড় মারলেন ডেলিভারি বয়টিকে। একদম সটান থাপ্পড়।

ঠিক কী ঘটেছিল?

ভিডিওতে ওই মহিলা এবং ডেলিভারি বয়ের কথোপকথন শুনে বোঝা গিয়েছে, ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিলেন যুবক। ব্রেক মারার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও ব্রেক ধরেনি। তার ফলে ওই মহিলার গাড়িতে একটু ধাক্কা লেগে গিয়েছে। তার পরিবর্তে মহিলা রাস্তার মাঝে দাঁড়িয়ে কার্যত নাটক শুরু করে দিয়েছেন। খাবার ডেলিভারি করার যুবক 'সরি' বলার পরেও মহিলার আচরণ একচুলও সংযত হয়নি। বরং তাঁর দাবি, তখনি তাঁকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে হবে। ৩০ হাজার টাকা দাবি করতে শোনা গিয়েছে মহিলাকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবক বারবার বলছেন, তিনি বাইকের ব্রেক মারার চেষ্টা করেছিলেন। কোনওভাবে ব্রেক ধরেনি। গটা ঘটনায় তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু মহিলা নাছোড়বান্দা। যুবককে তিনি ক্রমাগত বলে যেতে থাকেন ফোন করে কাউকে ডেকে হোক, যেভাবে হোক, টাকা দিতেই হবে। এখানেই শেষ নয়। যুবকের মুখে 'সরি' শুনে মহিলা বলেন এই 'সরি' শুনে তিনি কী করবেন। যুবকের উদ্দেশে মহিলাকে এও বলতে শোনা গিয়েছে, 'গাড়ি চালাতে না পারলে, চালায় কেন? রাস্তায় বেরোলে কি যা খুশি করা যায়। আগে গাড়ি চালানো শিখে তারপর চালানো উচিৎ।'

Lucknow 📍
Woman Slaps Pizza Delivery Guy Over Minor Accident, Demands ₹30,000 As Damage Control pic.twitter.com/mmS3bCHay5
— Mayank Burmee (@BurmeeM) September 13, 2025

এরপর হঠাৎই যুবকে সপাটে এক চড় মারেন ওই মহিলা। তারপরেও ওই যুবক কোনও অভব্য আচরণ করেননি। বরং আপ্রাণ চেষ্টা করছিলেন নিজের পরিস্থিতি বোঝানোর। ইতিমধ্যেই যুবক পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করতে যান। তখন মহিলা সেই ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করেন। এর মধ্যেই এলাকায় জড়ো হন আরও কয়েকজন ডেলিভারি বয়। তাঁদের মধ্যে একজন ওই মহিলাকে বলেন সামনেই পুলিশ চৌকি আছে। সেখানে গিয়ে সমস্যা মেটাতে। কারণ এভাবে কাউকে চড় মারার অধিকারও কারও নেই। একথা শুনেই ফুঁসে ওঠেন মহিলা। সাফ বলে দেন তিনি পুলিশ ডাকতে পারবেন না। এই ঘটনা ঘটেছে লখনউতে। সবচেয়ে অদ্ভুত বিষয় আশপাশের অনেকেই দাঁড়িয়ে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করছিলেন। অথচ কেউ একবারও ওই ডেলিভারি বয়ের পক্ষে কথা বলতে এগিয়ে আসেননি। এমনকি তাঁকে যখন ওই মহিলা চড় মারলেন, তখনও কেউ প্রতিবাদ করেননি।

from india https://ift.tt/hdmVP74
via IFTTT
0 Comments