জামশেদপুর (ঝাড়খণ্ড ) : বিয়ের অনুষ্ঠান পাল্টে গেল শোকের পরিবেশে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন গলায় রসগোল্লা আটকে মৃত্যু হল বছর ৪১-এর এক ব্যক্তির। মৃতের নাম ললিত সিংহ । ঝাড়খণ্ডের জামশেদপুরে ঘটনা। খবর অনুযায়ী, গত সোমবার সকালে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ললিত। সেই সময় ঘটনাটি ঘটে।

অনুষ্ঠান চলাকালীন, ললিত রসগোল্লা খাওয়া শুরু করেন। তা আচমকাই গলায় আটকে যায় তাঁর। যার জেরে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সেই সময় অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তাঁকে সাহায্য করার চেষ্টা করেন। তাঁর গলা থেকে রসগোল্লা বের করার চেষ্টা করা হয়। কিন্তু, কোনও চেষ্টাই সফল হয়নি। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় এমজিএম হাসপাতালে নিয়ে যান। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাস্থ্যকর্মীদের কথায়, রসগোল্লাটি তাঁর বায়ু চলাচলের রাস্তা আটকে দিয়েছিল। ফলে, শরীরে অক্সিজেন পৌঁছাচ্ছিল না। অক্সিজেনের অভাবেই কয়েক মিনিটের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

রসগোল্লা বাঙালির অন্যতম প্রিয় খাবার। যার স্বাদে মশগুল থাকে গোটা দেশ। বিয়ের মতো আনন্দ অনুষ্ঠানে তাই মেনুতে জায়গা করে নেয় রসগোল্লা। আর এই রসগোল্লা উৎস নিয়ে নানা চর্চা আছে। এই আবহে গতবছর একসঙ্গে সাতটি নতুন পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) তকমা পায় পশ্চিমবঙ্গ। এই তালিকায় রয়েছে- বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি থেকে কৃষিজাত পণ্য। এই তালিকায় আছে নতুন গুড়ের সন্দেশ থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পেয়ারা।

এই স্বীকৃতির ফলে বাংলার মিষ্টি ও কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক বিপণন ও মান বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারও বাংলার নিজস্ব পণ্যের স্বীকৃতি ও প্রসারে বিশেষ উদ্যোগ নিচ্ছে। মিষ্টান্ন থেকে শুরু করে কৃষিজাত পণ্য— জিআই তকমায় এগিয়ে যাচ্ছে বাংলা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আরও কিছু পণ্যের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। বিশ্বের দরবারে পণ্যগুলিকে যথাযথ মর্যাদা দিতেই পেটেন্ট বা কপিরাইটের মতোই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের উপর গুরুত্ব দিতে শুরু করে কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যেই বাংলায় বহু পণ্য জিআই তকমা পেয়েছে। নতুন করে জিআই স্বীকৃতি পায় সাতটি পণ্য । সেগুলি হল- নলেন গুড়ের সন্দেশ: বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টি, যা শীতকালে বিশেষভাবে জনপ্রিয়। কামারপুকুরের সাদা বোঁদে : হুগলির প্রসিদ্ধ মিষ্টি। মুর্শিদাবাদের ছানাবড়া : ঐতিহ্যবাহী মিষ্টান্ন। বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু : বাঁকুড়ার ঐতিহ্যবাহী মিষ্টি।

from india https://ift.tt/6S4rLAR
via IFTTT
0 Comments