নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে ভারতেও। রান্নার গ্যাসের আকাল দেখা দেওয়ায় প্রভাব পড়েছে গৃহস্থের হেঁশেলেও। এমন পরিস্থিতিতে LPG সিলিন্ডারের পরিবর্তে ঘরে ঘরে পাইপলাইন সংযোগ পৌঁছে দিতে উৎসুক কেন্দ্র। আর সেই লক্ষ্যপূরণে বিশেষ প্রস্তাব আনা হল। জানানো হল, ৫০০ টাকা মূল্যের গ্যাস ফ্রিতে দেওয়া হবে। কোনও সিকিওরিটি ডিপোজিটও লাগবে না। (PNG Connection for Households)

জ্বালানি সঙ্কট সামাল দিতে দু’দিন আগেই পাইপলাইন সংযোগ বাধ্যতামূলক করেছে কেন্দ্র। বলা হয়েছে, যে সমস্ত এলাকায় পাইপলাইন সংযোগ পাওয়া সম্ভব, সেখানে প্রত্য়েককে পাইপলাইন সংযোগ নিতে হবে। অন্যথায় বাতিল হয়ে যাবে তাঁদের LPG সংযোগও। অন্য দিকে, পাইপলাইন এবং LPG, দুই সংযোগই রয়েছে যাঁদের, তাঁদের LPG ছাড়তে হবে বলে আগেই জানানো হয়েছিল। পাইপলাইন সংযোগ ঘরে ঘরে পৌঁছে দিতে এবার আরও লোভনীয় প্রস্তাব দিল কেন্দ্র। (LPG Crisis)

কেন্দ্রীয় পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মার্কেটিং এবং তৈল শোধনাগার বিভাগের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, ঘরে ঘরে পাইপলাইন-গ্যাস অর্থাৎ PNG-র ব্যবহার বাড়াতে বিভিন্ন সংস্থা ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস দিতে প্রস্তুত। কোন রকম সিকিওরিটি ফি-ও দিতে হবে না। LPG-র পরিবর্তে PNG-র ব্যবহার যাতে বাড়ে, উৎসাহ দিচ্ছে সরকারও।

সুজাতা জানিয়েছেন, যেখানে পাইপলাইন সংযোগের ব্যবস্থা রয়েছে, ডাকযোগে তা গ্রাহকদের জানানো হবে। LPG ব্য়বহারকারীদের তিন মাস সময় দেওয়া হচ্ছে LPG থেকে PNG-তে যেতে। LPG-র জন্য আমদানির উপর বেশি ভরসা করতে হয়। তাই PNG-তে সরে যাওয়াই শ্রেয় বলে জানান তিনি। এখনও পর্যন্ত ২.২ লক্ষ গ্রাহক LPG ছেড়ে PNG সংযোগ নিয়েছেন বলে পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র। আরও বেশি সংখ্যক মানুষ যাতে উৎসাহিত হন, তার জন্য দিল্লিতে রাস্তা পুনর্নির্মাণের খরচও মকুব করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা PNG প্রকল্পের কাজ চলতে পারে। গত ২৫ দিনে ২.৫ লক্ষ নতুন PNG সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রের।

এর পাশাপাশি, কেন্দ্রের দাবি, LPG-র কোনও খামতি নেই দেশে। তাই চিন্তার কোনও বিষয় নেই। কেন্দ্র জানিয়েছে, ২৬টি রাজ্যকে ২২ হাজার টন বাণিজ্যিক LPG দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। একদিন আগে ৩০ হাজার ৫ কেজির সিলিন্ডার দেওয়া হয়েছে। যদিও শহরাঞ্চলে গ্যাস বুকিংয়ের সময়সীমা ২৫ দিন করে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চড়া দামে LPG বিক্রি হচ্ছে বলে খবর উঠে আসছে রোজই।

from india https://ift.tt/uflWxKP
via IFTTT
0 Comments