<p>Karnataka News: ঘনিষ্ঠ বন্ধুকে খুন করে, তাঁর থেকে লক্ষাধিক টাকা চুরি করে, দ্বিতীয় স্ত্রী'র জন্য উপহার কিনেছেন এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম শফি, যিনি চিকমাগালুর জেলার বিরুর এলাকার বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী'র সঙ্গে বিচ্ছেদও হয়ে গিয়েছিল তাঁর। অর্থাৎ প্রাক্তন হওয়া দ্বিতীয় স্ত্রী'র জন্য উপকার কিনতে ঘনিষ্ঠ বন্ধুকে খুন করে তাঁর টাকা চুরি করেছেন অভিযুক্ত শফি। মৃত ব্যক্তির নাম পুত্তুরাজু, যিনি পেশায় একজন ঢালাইকর্মী। </p> <p>পুলিশ সূত্রে খবর, গত ১৯ ফেব্রুয়ারি ঘটেছে এই ঘটনা। সেদিনই বন্ধুকে লোভ দেখিয়েছিলেন অভিযুক্ত। স্থানীয় একটি ফিনান্স সংস্থা সোনার একটি নিলামের আয়োজন করেছে এবং সেখানে যাওয়ার জন্য পুত্তুরাজুকে লোভ দেখান শফি। বন্ধুর প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফাঁকা বাড়ি রেখেই রাত ১১টা নাগাদ বেরিয়ে যান পুত্তুরাজু। তাঁর সঙ্গে নগদ ছিল ২.৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শফি নিজের বাইকে করেই নিয়ে যাচ্ছিল বন্ধুকে। জঙ্গলের রাস্তা ধরেছিলেন শফি। হন্নাবল্লী এলাকার কাছের জঙ্গল দিয়ে বাইকে করে পুত্তুরাজুকে নিয়ে যাওয়ার সময়েই ধারালো অস্ত্র (a machete) নিয়ে বন্ধুর উপর চড়াও হন শফি। অস্ত্রের একের পর এক কোপে বন্ধুকে শেষ করেন প্রথমে। এরপর অভিযুক্ত হাতিয়ে নেন সমস্ত টাকা। </p> <p>পরের দিন সকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক দুধওয়ালা প্রথম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন একটি দেহ। জঙ্গলে কাছের রাস্তায় এ হেন দৃশ্য দেখে আঁতকে ওঠেন ওই দুধওয়ালা। দ্রুত পুলিশের খবর দেন তিনি। তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, মৃতের নাম-পরিচয়। মারা যাওয়ার আগে পুত্তুরাজুর গতিবিধি কী ছিল তা জানার মাধ্যমেই অভিযুক্ত শফির নাগাল পায় পুলিশ। এরপর পুলিশ আরও জানতে পারে, ঘনিষ্ঠ বন্ধুকে নৃশংসভাবে খুন করে তাঁর টাকা চুরি করার পর, বিচ্ছেদ হয়ে যাওয়া স্ত্রী'র সঙ্গে একটি লজে দেখা করেছিলেন অভিযুক্ত শফি। ৬০ হাজার টাকাও দেন ওই মহিলাকে। এমনকি একটি নতুন টিভিও কিনে দেন তাঁকে, ওই চুরির টাকা থেকেই। </p> <p>সাত বছর ধরে পুত্তুরাজুর সঙ্গে বন্ধুত্ব ছিল শফির। সেই বন্ধুকেই নৃশংসভাবে খুন করেছেন শফি। চুরি করেছেন তাঁর টাকা। শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কবে থেকে এই খুন এবং চুরির পরিকল্পনা করেছিলেন শফি তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। </p>
from india https://ift.tt/PrtT1q7
via IFTTT
0 Comments