নয়াদিল্লি : আর ৯ দিনের মাথায় অর্থাৎ আগামী ১২ জানুয়ারি আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার এক বছর হয়ে যাবে। গতবছর Boeing 787 Dreamliner বিমানটি ভেঙে পড়ে ২৬০ জনের মৃত্যু হয়েছিল। অভিশপ্ত সেই ঘটনার নেপথ্যে কী ছিল ? তার তদন্ত রিপোর্টের অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলি। কোন পর্যায়ে রয়েছে তদন্ত, কবে রিপোর্ট সামনে আসবে তা নিয়ে এবিপি নেটওয়ার্কের India@2047-এর কনক্লেভে যোগ দিয়ে খোলসা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নায়ডু।

তাঁকে প্রশ্ন করা হয়, এই দুর্ঘটনা যদি মেকানিক্যাল ফেলিওরের কারণে হয় তাহলে এ দেশে বোয়িংয়ের ভবিষ্যৎ কী হবে ? উত্তরে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "প্রাথমিক রিপোর্ট যেটা এসেছে...সেই সময় পর্যন্ত যেসব ফ্যাক্ট প্রতিষ্ঠিত করা গেছে তা প্রাথমিক রিপোর্টে তুলে ধরা হয়েছে। একজন মন্ত্রী হিসাবে এক্ষেত্রে আমাকে খুব দায়িত্বশীল হতে হবে। এমনটা আমি চাই না যে, কিছু জল্পনার সৃষ্টি করে দিই বা ইঙ্গিত দিই। আমি চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করছি। যখন ফাইনাল রিপোর্ট আসবে তার ওপর যত ব্যাখ্যা করার তা করতে পারি। এই মুহূর্তে আমাদের তদন্তকে সম্মান জানাতে হবে। যদি পরিবারগুলির দিকে তাকান, তাঁদের সম্মান করতে হবে, তাঁরা উত্তরের অপেক্ষায় আছেন যে কেন হয়েছে। জল্পনার ভিত্তিতে জবাব হতে পারে না। কারো স্টোরির ভিত্তিতে উত্তর হতে পারে না। এটা তদন্তের সঙ্গেই আসতে হবে। তাই প্রত্যেককে আমার অনুরোধ, যতক্ষণ না আমরা কিছু বলছি...আমি অপেক্ষা করছি সম্পূর্ণ রিপোর্ট তৈরি হোক। কারণ, তারা পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি অবলম্বন করছে। যা একটা আন্তর্জাতিক প্রোটোকল। আর দ্বিতীয় পয়েন্ট যেটা যে, বোয়িংয়ের ভারতের সঙ্গে কী হবে ? বোয়িং তো সারা বিশ্বে বিমান চালাচ্ছে। এটা বোয়িংয়ের সমস্যা। শুধু ভারতে তাদের এই সমস্যা নয়। আমরা সেই জায়গা থেকে তদন্ত করছি যে, এই ধরনের ঘটনা যাতে আগামীদিনে আর না হয়।"

[yt]https://www.youtube.com/live/I4JfWn70qpk[/yt]

কবে নাগাদ রিপোর্ট আসবে ? উত্তরে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "এটা এখন ফাইনাল স্টেজে আছে। যে কোনও মুহূর্তে তাদের তা শেষ করতে হবে। তদন্তের শেষ পর্যায়ে আছে। আমি তদন্ত-প্রক্রিয়াকে সম্মান জানাতে চাই। আমি কোনও টাইমলাইন দিতে চাই না যে আপনারা এত তাড়াতাড়ি করুন। আমার সত্যিটা প্রয়োজন, গতি নয়। সম্মান দিতে হবে পরিবারগুলিকে। তাদের কাছে সত্যিটা পৌঁছে দিতে হবে।"

from india https://ift.tt/1sr5iFL
via IFTTT
0 Comments