নয়াদিল্লি: অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল ‘কেদারনাথ’ ছবির হাত ধরে। সেই থেকে ফি বছর কেদারনাথ-বদ্রীনাথ যাত্রা বাঁধা। কিন্তু এবার কেদারনাথ-বদ্রীনাথ যেতে বাধার মুখে পড়তে হতে পারে অভিনেত্রী সারা আলি খান। কারণ বদ্রী-কেদার মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, মন্দিরে ঢুকতে চাইলে হলফনামা জমা দিতে হবে সারাকে। তিনি যে হিন্দু ধর্মের অনুসারী, তা জানাতে হবে। (Sara Ali Khan Kedarnath Trip)

মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন হেমন্ত। জানান, অহিন্দু কেউ মন্দির দর্শন করতে চাইলে, হলফনামা জমা দিয়ে হিন্দু ধর্মের প্রতি নিজেদের আস্থার কথা জানাতে হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, “অহিন্দু হয়েও যাঁরা সনাতন ধর্মে বিশ্বাসী-তাঁদের লিখিত হলফনামা দিয়ে বলতে হবে, ‘আমি সনাতনী; হিন্দুত্বে বিশ্বাসী’। তাহলেই সকলকে স্বাগত জানাব।” (Kedarnath-Badrinath)

হিন্দুধর্মে আস্থার নথি জমা দিতে হবে বলেও জানান হেমন্ত। যে কোনও অহিন্দু পুণ্যার্থীর ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর। এব্যাপারে সরাসরি সারা আলির নাম উল্লেখ করেন হেমন্ত। জানান, মন্দিরে পুজো দিতে এলে নায়িকাকেও অনুমতি নিতে হবে। নিয়ম মানলে তবেই মন্দিরে ঢুকতে পারবেন তিনি। হেমন্তর কথায়, “সারা আলি খান যদি সনাতন ধর্মের প্রতি নিজের আস্থার কথা জানান, হলফনামা জমা দেন, তাহলে তাঁকে পুজো দিতে দেওয়া হবে।”

‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করেই বলিউডে পা রাখেন সারা আলি। সেই থেকে প্রায়শই কেদারনাথ-বদ্রীনাথ দর্শনে যান তিনি। সেখান থেকে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কেদারনাথের প্রতি নিজের বিশেষ ভাললাগা, টানের কথাও বার বার তুলে ধরেছেন তিনি। আধ্য়াত্মিক জগতের প্রতি যে বিশেষ আকর্ষণ রয়েছে তাঁর, তা জানাতে দ্বিধা করেননি সেফ আলি খান এবং অমৃতা সিংহের মেয়ে। মা-বাবা দু’জনেই ভিনধর্মী, তাই ছোট থেকেই ধর্মের প্রতি বিশেষ আকর্ষণ ছিল বলে জানান। সারা জানান, প্রশংসা কুড়োতে নয়, প্রথম ছবির স্মৃতি জড়িয়ে রয়েছে সেখানে। সেখানে গিয়ে শান্তিও পান। তাই বার বার কেদারনাথ ছুটে যান তিনি।

মন্দির দর্শনে হলফনামা জমা দেওয়ার রীতি অতি সম্প্রতিই চালু করেছে বদ্রী-কেদার মন্দির কমিটি। উত্তরাখণ্ড সরকারের কাছে সেই মতো প্রস্তাবও পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। ১৯ এপ্রিল থেকে চারধাম যাত্রা শুরু হচ্ছে। তার আগেই নিয়ম কার্যকর করছে মন্দির কমিটি। এখনও পর্যন্ক প্রায় ৬ লক্ষ মানুষ মন্দির দর্শনের আবেদন জানিয়েছেন। আগামী ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের দরজা খুলবে। ২২ এপ্রিল খুলবে কেদারনাথ ধামের দরজা।

from india https://ift.tt/BUtMuZH
via IFTTT
0 Comments