নয়াদিল্লি: রাঘব চাড্ডা বিজেপি-তে যাবেন বলে জল্পনা তুঙ্গে। সেই আবহেই নতুন সম্ভাবনা উস্কে দিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাঘব, যাতে তাঁর অনুরাগী নিজের মতামত জানিয়েছেন। তাহলে কি অনুরাগীদের কথা মতোই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ করবেন রাঘব, উঠছে প্রশ্ন। (Raghav Chadha News)

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন রাঘব, যেখানে এক অনুরাগী রাঘবকে নতুন রাজনৈতিক দল শুরু করতে আর্জি জানান। ওই অনুরাগীকে বলতে শোনা যায়, “প্রত্যেক প্রাপ্তবয়স্ক, কিশোর-কিশোরীর দাবি, রাঘব চাড্ডা নিজের রাজনৈতিক দল শুরু করুন। নাম হতে পারে Gen-Z Party, অথবা ওঁর যে নাম পছন্দ হয়। গোটা যুবসমাজ ওঁকে সমর্থন করবে। বিপুল ভোটে জয়ী হবেন উনি।” (Aam Aadmi Party)

ওই ভিডিওটি পোস্ট করে রাঘব লেখেন, ‘ইন্টারেস্টিং থট’। আর তাতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কোনও বড় দলের ছত্রছায়ায় না গিয়ে, রাঘব কি নতুন দল শুরু করতে চান? যুবসমাজের প্রতিনিধিদের নিয়েই কি নতুন দল গড়বেন রাঘব? এখনও পরিষ্কার ভাবে কিছু খোলসা করেননি রাঘব। তবে জল্পনা জিইয়ে রেখেছেন।

আম আদমি পার্টিতে রাঘবকে নিয়ে কানাঘুষো চলছিল বেশ কিছু দিন ধরেই। অরবিন্দ কেজরিওয়ালের একদা ঘনিষ্ঠ রাঘব, গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন বলেও অভিযোগ ওঠে। সেই আবহেই সম্প্রতি রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে রাঘবকে সরিয়ে দেয় আম আদমি পার্টি। সংসদে বলার জন্য তাঁকে যাতে সময় না দেওয়া হয়, দলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় চেয়ারপার্সনকে। হঠাৎ রাঘবের ডানা ছাঁটা হল কেন, সেই নিয়ে শোরগোল পড়ে যায়।

সেই পরিস্থিতিতে একযোগে রাঘবকে আক্রমণ করতে নেমে পড়েন আম আদমি পার্টির নেতৃত্ব। রাঘব দলের শৃঙ্খলা মানছেন না, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং ক্লিনচিট প্রাপ্তি, দুই ক্ষেত্রেই দলের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি, দলকে টপকে নিজের ইচ্ছে মতো বিষয়ই সংসদে তুলে ধরছিলেন বলে অভিযোগ তোলা হয়। শুধু তাই নয়, সোশ্য়াল মিডিয়া থেকে নরেন্দ্র মোদি এবং বিজেপি-র প্রতি সমালোচনামূলক যাবতীয় পোস্ট রাঘব সরিয়ে নিয়েছেন বলেও তুলে ধরেন দলীয় নেতৃত্ব। সেই পরিস্থিতিতে রাঘবের সমর্থনে এগিয়ে আসেন বিজেপি-র অনেকেই। তাই রাঘব বিজেপি-তে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়। তবে অনুরাগীর ভিডিও পোস্ট করে নিজের পৃথক দল শুরুর সম্ভাবনাও জিইয়ে রাখলেন রাঘব।

from india https://ift.tt/CYGMZnN
via IFTTT
0 Comments