জম্মু ও কাশ্মীর, কাঠুয়া : এক সিআইএসএফ (CISF) জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর চারজন সহকর্মীর। তাঁদের মধ্যে রয়েছেন এক অফিসার। জম্মু ও কাশ্মীরের কাঠুয়াতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, কোনও একটি বিষয়ে সকলের মধ্যে তুমুল তর্ক শুরু হয়েছিল। তার থেকেই এত বড় ঘটনা ঘটে গিয়েছে। আচমকাই গুলি চালান ওই সিআইএসএফ (Central Industrial Security Force) জওয়ান। আর তাতেই মৃত্যু হয়েছে ওই জওয়ানের চারজন সহকর্মীর। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার বাশোলি এলাকার মাশকা গ্রামের সেওয়া পাওয়ার প্রজেক্টে নিযুক্ত থাকা সিআইএসএফ ইউনিটে। রাভি নদীর শাখানদী হল এই সেওয়া নদী। তাকে ভিত্তি করেই তৈরি হয়েছে সেওয়া পাওয়ার প্রজেক্ট, যা একটি জলবিদ্যুৎকেন্দ্র। গ্রামের এই জলবিদ্যুৎ নির্মাণ কেন্দ্রেই একটি সিআইএসএফ ইউনিটের পোস্টিং ছিল। সেখানেই ঘটে গিয়েছে এই ভয়ঙ্কর ঘটনা।

STORY | Assistant commandant among 4 CISF personnel killed in fratricide incident in J-K's Kathua; accused held

Four Central Industrial Security Force (CISF) personnel, including an assistant commandant, were killed after a colleague allegedly opened fire in Kathua district of… pic.twitter.com/AKIUGzePnK

— Press Trust of India (@PTI_News) <a href="https://ift.tt/rVanJpt 29, 2026

জানা গিয়েছে, মৃত্যু হয়েছে অ্যাসিসট্যান্ট কম্যানড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমারের। অনুমান করা হচ্ছে, যিনি গুলি চালিয়েছেন, তিনি হেড কনস্টেবল অবদেশ কুমার সিং। জানা গিয়েছে, আচমকাই অফিসে ঢুকে আসেন এই জওয়ান, তারপর নিজের AK-47 রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। সিআইএসএফ সূত্রে খবর, প্রায় ১৫০ রাউন্ড গোলাবারুদ ছিল অভিযুক্তর কাছে। অভিযুক্ত জওয়ানের সার্ভিস অস্ত্রটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহত অবস্থায় ওই চারজনকে হিমাচল প্রদেশের NHPC হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে চোট-আঘাতের কারণে সেখানেই তাঁদের মৃত্যু হয়। অভিযুক্ত হেড কনস্টেবল অবদেশ কুমার সিং-কে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এভাবে আচমকা গুলি চালিয়েছিলেন তিনি, ওই চারজনের উপর কেন গুলি চালানো হল, এর পিছনে কী কারণ রয়েছে, ঠিক কী ঘটেছিল - সব প্রশ্নের উত্তর জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

from india https://ift.tt/UBe2xnc
via IFTTT
0 Comments