মহারাষ্ট্র : জন্মদিনে একজনের চাই জমজমাট সেলিব্রেশন। আর অন্য একজনের চাই মোটরবাইক। আর এই দুটো কাজই সম্ভব হবে হাতে মোটা টাকা থাকলে। তাই টাকা আদায়ের জন্য নিজেদের ঘনিষ্ঠ বন্ধুকে খুন করেছে ওই দুই কিশোর। যে খুন হয়েছে তার বয়স মাত্র ১৭ বছর। নাম প্রয্যোৎ কাম্বলে। বন্ধুর গলায় থাকা সোনার চেন বিক্রি করে যে ভাল পরিমাণ টাকা হাতে আসবে, তা আগেই বুঝেছিল দুই অভিযুক্ত কিশোর। বন্ধুকে খুন করেই থেমে থাকেনি দুই অভিযুক্ত, প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দিয়েছিল প্রয্যোতের দেহ। আর তার মোবাইল ফোন ফেলে দিয়েছিল একটি বাসে। পুলিশকে বিভ্রান্ত করাই ছিল এই দুই অভিযুক্তর উদ্দেশ্য।

থানের আজাদ নগরের বাসিন্দা প্রয্যোৎ গত ২৪ সেপ্টেম্বর সন্ধে ৭টা নাগাদ নিখোঁজ হয়ে গিয়েছিল। পরের দিন থানায় যান প্রয্যোতের বাবা। পুলিশকে জানান ছেলের নিখোঁজ হওয়ার কথা। দায়ের হয় কিডন্যাপিংয়ের মামলা। তদন্তে নেমে প্রয্যোতের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জানা গিয়েছে, এই ছেলেটি বারংবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার বয়ানের মাধ্যমে। এই ছেলেটি পুলিশকে জানায়, প্রয্যোৎ মোটরসাইকেলে চড়ে এক অজ্ঞাতপরিচয় ছেলের সঙ্গে ঘোড়বান্দার এলাকায় গিয়েছিল। তবে এ বয়ান বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি পুলিশের। তদন্তে নেমে প্রয্যোতের বন্ধুর বলা রাস্তার প্রায় ৮০ থেকে ৯০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকেই জানা যায় যে ওই পথে যায়নি প্রয্যোৎ।

এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ

পুলিশের তদন্তকারী আধিকারিকরা প্রয্যোতের ওই একই বন্ধুকে ফের জিজ্ঞাসাবাদ করেন। প্রযুক্তিগত প্রমাণ এবং মোবাইল লোকেশনের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই দ্বিতীয় পর্যায়ের জিজ্ঞাসাবাদের সময় সামনে আসে প্রয্যোতের খুনের পরিকল্পনা। পুলিশ সূত্রে দাবি, প্রয্যোতের গলায় ছিল একটি সোনার চেন। ওই দুই অভিযুক্ত নাবালক সেটাই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। একজনের পরিকল্পনা ছিল ধুমধাম করে জন্মদিন পালন করবে। আরেকজন নতুন বাইক কিনবে। আর এই দুই পরিকল্পনা সফল করার জন্য টাকার দরকার। সেই কারণেই ওই সোনার চেন ছিনতাই করে তার মাধ্যমে টাকা জোগাড়ের পরিকল্পনা করেছিল দুই অভিযুক্ত কিশোর।

সিগারেট খাওয়ানোর নাম করে আগে থেকে ঠিক করে রাখা ঝোপ-জঙ্গলে ঘেরা একটি সুনসান এলাকায় প্রয্যোতকে নিয়ে যায় তার দুই বন্ধু। অভিযোগ, সেখানে প্রথমে ছুরি মারা হয় প্রয্যোতকে। তারপর পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা হয় তাকে। এরপর প্রমাণ লোপাটের চেষ্টায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় প্রয্যোতের দেহ। পুলিশ সূত্রে দাবি, ওই দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তারপর জেরার সময় তারা অপরাধ কবুল করেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

from india https://ift.tt/9uD17zK
via IFTTT
0 Comments