কলকাতা : SIR আবহে রাজ্য রাজনীতির পারদ দিন দিন চড়ছে। তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই একে অপরকে সমানে নিশানা করে চলেছে। এই সংঘাতের আবহে ভোট-মুখী পশ্চিমবঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আজ সকালেই শহরে এসে পৌঁছান অখিলেশ। কলকাতায় নেমেই বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন সমাজবাদী পার্টির প্রধান। কিছুক্ষণ আগে তিনি যান কালীঘাটের মন্দিরে পুজো দিতে। তারপর তিনি নবান্নে পৌঁছান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তাঁর বৈঠক।

এদিন বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করেন অখিলেশ। তিনি বলেন, "সবার আগে বলতে চাই যে, বিজেপির SIR ভোট বাড়ানোর জন্য নয়। ভোট কাটার জন্য। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে সবসময় আশা করা হয় যে, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। যে অভিযোগ থাকবে, তার সমাধান করবে। কিন্তু, এখানে দেখা যাচ্ছে যে, উত্তরপ্রদেশ হোক, বিহার হোক বা পশ্চিমবঙ্গে... এরা ভোট বেশি কাটতে চায়। ভোট কাটার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যেখানে বিজেপি হারছে সেখানে ভোট কাটার কাজ বেশি করছে। এইসব ঘৃণা ছড়ানোর লোকজন, বিজেপির এইসব সঙ্গী-সাথীরা জানে না যে, পশ্চিমবঙ্গ একটা সাংস্কৃতিক ইউনিট। এটা রাজনৈতিক ইউনিট নয়। পশ্চিমবঙ্গ এমন জায়গা যেখান থেকে বিশ্ব মানবতাবাদের বার্তা...ভালবাসার বার্তা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আমরা সবাই এক। কাজেই, এখানে ঘৃণার তত্ত্ব কাজ করবে না। দিদির কাছে ইডি হেরেছে। আমাদের বিশ্বাস, এখানে দিদির বিরুদ্ধে বিজেপি সফল হবে না। বিজেপি হারবে। বিজেপি জানে যে ওরা হারবে। কিন্তু, সম্মানের সঙ্গে হারতে চায়।"

তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছি বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "অখিলেশ যাদবের এত রাজনৈতিক বোধ-বুদ্ধির কারণেই উত্তরপ্রদেশে নির্বাচনে মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছেন। অখিলেশ যাদবের উত্তরপ্রদেশের মানুষকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, বহিরাগত, খৈনিখোর। উত্তরপ্রদেশের খৈনির থুতুতে কলকাতার লোহায় জং পড়তে দেব না, এটা তাঁদের সম্পর্কে বলা হয়। আজ কার্যত পশ্চিমবঙ্গে যত উত্তরপ্রদেশবাসী আছেন, অখিলেশ যাদব তাঁদের আত্ম-মর্যাদায় আঘাত করলেন। তাঁদের অপমান করলেন। এই অপমানের বদলা তাঁরা নেবেন। অখিলেশ যাদব চেষ্টা করে পশ্চিমবঙ্গে বসবাসকারী কোনও উত্তরপ্রদেশবাসী ...যারা উত্তরপ্রদেশের মূল নিবাসী আজ পশ্চিমবঙ্গে ভোটার হয়েছেন, তার একটা ভোটও এই নির্বাচনে পরিবর্তন করাতে পারবেন না।"

from india https://ift.tt/lQ1TRoS
via IFTTT
0 Comments