দ্রুত গতির মহিন্দ্রা থর গাড়ির ধাক্কা। গুরুত জখম তিনজন। নভি মুম্বইয়ের ভাসিতে একটি হাসপাতালের কাছে ঘটে দুর্ঘটনাটি। ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ওই 'থর' গাড়িটি সজোরে তিন ব্যক্তিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল, যার ফলে ভুক্তভোগীরা ধাক্কা এড়ানোর কোনও সুযোগই পাননি। তিনজনই গুরুতর আহত হয়েছেন।

আহতদের দ্রুত মুম্বইয়ের সিয়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। অভিযোগ ওঠে যে, দুর্ঘটনার পর চালক আহতদের সাহায্যের জন্য না থেমে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে এবং শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে।

গত জুন মাসে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল মুম্বইয়ে।

অত্যাধুনিক জিম। সামনে রিসেপশন ডেস্কে বসেছিলেন রিসেপশনিস্ট। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছিল চারচাকার একটি গাড়ি। ভয়ঙ্কর ওই ঘটনায় জখম হন জিমের রিসেপশনিস্ট। জিমের ট্রেনারের নাম বিকাশ সিং। তিনি জানান, ডেস্কে বসেছিলেন সানিয়া খান নাম বছর ২১-এর রিসেপশনিস্ট। বিকাল ৫টা নাগাদ আচমকা একটি গাড়ি প্রবেশপথ দিয়ে ঢুকে পড়ে। হাতে চোট লাগায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিসেপশনিস্টকে।

মুম্বইয়ের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, মারোলের কানাকিয়া রেইনফরেস্ট কমপ্লেক্সের কাছে ঢালু পথ ধরে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। ঢালের শেষ প্রান্তে গাড়িটির বাঁ দিকে মোড় নেওয়ার কথা থাকলেও, সেটি সোজা এগিয়ে গিয়ে জিমে গিয়ে ধাক্কা মারে।

তার আগেও মুম্বইয়ে ঘটেছিল একটি ভয়াহব দুর্ঘটনা। দুরন্ত গতিতে ছোটার সময় ডিভাইডারে ধাক্কা মেরে একেবারে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় দামি BMW Z4 গাড়ি। প্রাণ হারান দুই যাত্রী। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, BMW Z4 গাড়িটির টুকরো জড়ো করতে হয়। দুর্ঘটনার সময় গাড়ির গতি অত্যধিক ছিল বলে জানা যায়। (BMW Accident in Mumbai)

মুম্বইয়ের বদলাপুরে মুম্বই-ভাদোদরা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছিল। BMW Z4 হাই-পারফর্ম্যান্স গাড়ি হিসেবেই পরিচিত। কিন্তু ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি কার্যত খোলামকুচির মতো ছিটকে পড়ে। চূর্ণ-বিচূর্ণ অংশ ছিটকে পড়ে এদিক-ওদিক। গাড়ির অংশ কার্যত কুড়িয়ে জড়ো করতে হয় এক জায়গায়।

জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটি গতি ছিল ঘণ্টায় প্রায় ২৫১ কিলোমিটার।

from india https://ift.tt/iNEVLdT
via IFTTT
0 Comments