লখনউ: দুর্ঘটনায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) কনভয়। লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল রাহুলের কনভয়। কনভয়ের বেশ কয়েকজন আহত হলেও সুরক্ষিত রয়েছেন রাহল গান্ধী। এরপর গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত রাহুল গান্ধীর কনভয়ের গাড়িগুলিকে। পরপর ধাক্কা লেগে অনেক গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে যায় একটি কালো স্করপিও গাড়ি।

রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনার খবর জানাজানি হতেই গোটা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই জানতে চান, কেমন আছেন কংগ্রেস সাংসদ? রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে রাহুল অক্ষত রয়েছেন বলেই জানা গিয়েছে।

লখনউ থেকে সুলতানপুর যাওয়ার রাস্তায় বসানো সিসি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের একেবারে ডান দিকে রয়েছে একটি অ্যাম্বুল্যান্স ও একটি কালো রংয়ের স্করপিও গাড়ির সংঘর্ষ হয়েছে। তাতে কালো স্করপিও গাড়িতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে।

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

জানা গিয়েছে, কনভয়ে রাহুল গান্ধী যে গাড়িতে বসেছিলেন, তার পিছনে থাকা পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সূত্রের খবর, কনভয়ের একটি গাড়ি অ্যাম্বুল্যান্সটিতে ধাক্কা দেয় প্রথমে। তারপর একে একে পরস্পরের সঙ্গে ধাক্কা খায় কনভয়ের বাকি গাড়িগুলি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জটলা পাকিয়ে রয়েছে কয়েকটি গাড়ি।

সুলতানপুরের পুলিশ সুপার জানিয়েছেন, রাহুলের কনভয় অনুসরণ করে যাচ্ছিল কংগ্রেস নেতাদের চারটি গাড়ি। সেই গাড়িগুলি তাঁদের নিজস্ব। সূত্রের খবর, সেই গাড়িগুলির একটির চালক আচমক ব্রেক কষায় বিপত্তি হয়। তারপরই পরপর ধাক্কা খায় গাড়িগুলি।

সোমবার সকালেই লখনউ পৌঁছন রাহুল। লখনউয়ের চৌধরী চরণ সিংহ বিমানবন্দরে নামেন রাহুল। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বহু কংগ্রেস নেতা-কর্মী। তার পরেই রাহুলের কনভয় অনুসরণ করে সেই নেতারাও সুলতানপুরের উদ্দেশে রওনা দেন বলে খবর। লখনউ থেকে সুলতানপুরের দূরত্ব ১৩৫ কিলোমিটার।

কোথায় যাচ্ছেন রাহুল? জানা গিয়েছে সুলতানপুরের সাংসদ-বিধায়ক কোর্টে সোমবার সকালে হাজিরা দিতে যাচ্ছিলেন তিনি। ২০১৮ সালে একটি মানহানির মামলার শুনানি রয়েছে আদালতে। সেখানে যাওয়ার পথে হালিয়াপুর থানার অধীনে থাকা এলাকায় দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: নতুন ভূমিকায় মহেশ ভূপতি-সানিয়া মির্জা, মনোনয়ন জমা করলেন দুই কিংবদন্তি টেনিস খেলোয়াড়

from india https://ift.tt/EjlWwzU
via IFTTT
0 Comments