ঢাকা : বাংলাদেশে বড়সড় জয়ের পথে BNP (বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি)। ভোটগণনায় জামাত-ই-ইসালমিকে বহু পিছনে ফেলল BNP জোট। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৯৯ আসনের মধ্যে ২১০টিতে এগিয়ে প্রয়াত খালেদা জিয়ার দল। বাংলাদেশে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে BNP। অন্যদিকে, ৭০টি আসনে এগিয়ে জামাত জোট। শেখ হাসিনার টানা ১৫ বছর শাসন শেষের প্রায় দেড় বছর পর কুর্সির পথে BNP। এদিকে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬, ২টি আসনেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়েও দাগ কাটতে পারেনি ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP। কিছু কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, BNP ইতিমধ্যেই দেড়শোর বেশি আসনে জয়ী হয়েছে।

বিএনপি ভোটে জিতলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন খালেদা-পুত্র তারেক রহমান, আগেই দলের তরফে ঘোষণা করা হয়েছিল। শুক্রবার সাতসকালেই বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, "আমরা দুই-তৃতীয়াংশেরও বেশি আসন জিতে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী। " এদিকে ১৭ বছরেরও বেশি সময় ধরে স্ব-নির্বাসিত থাকার পর গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসা দলীয় চেয়ারম্যান রহমান দলীয় নেতা-কর্মীদের বিজয় সমাবেশের পরিবর্তে দুপুরের 'জুমার' নমাজের পর সারা দেশে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তবে বাংলাদেশে কত ভোট পড়ল তা এখনও নির্বাচন কমিশন ঘোষণা করেনি। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিয়ে কারচুপির অভিযোগও খারিজ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার। মোট আসন ৩০০। তবে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি আসনে। নির্বাচনে একাধিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই ছিল মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের। ২৯৯টি আসনের মধ্যে ২৯২টি আসনে লড়াই করে BNP। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার জুলাই সনদ নিয়েও হয় গণভোট। ফলে প্রত্য়েক ভোটারকে দু'টো করে ভোট দিতে হয়।

২০২৪ সালের ৫ অগাস্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণবিক্ষোভের আগুন জ্বলে ওঠে বাংলাদেশে। পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের। তার পর ৮ অগাস্ট। মুহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেড় বছর পর এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসানের প্রায় ১৮ মাস পর নির্বাচন। তবে এবার আওয়ামি লিগকে ছাড়াই ভোট হল বাংলাদেশে। কারণ, দেশে হাসিনার দলের কার্যক্রম নিষিদ্ধ।

from india https://ift.tt/JD2R9Lg
via IFTTT
0 Comments