জয়সলমের : ভয়ঙ্কর ঘটনা। চলন্ত ট্রেনে আগুন ! রবিবার রাজস্থানের জয়সলমেরে এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনই জানাচ্ছেন আধিকারিকরা। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানা গেছে। এবং, শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্বর্ণনগরী এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগে। দিল্লি থেকে জয়সলমেরের দিকে যাচ্ছিল ট্রেনটি। জয়সলমেরের জেঠা চন্দন রেলস্টেশনের কাছে ঘটনাটি ঘটে।

এক আধিকারিক বলেন, "বিপদের কথা আঁচ করেই উপস্থিত বুদ্ধি প্রয়োগ করেন লোকো পাইলট। সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় ট্রেনটি থামিয়ে দেন। তার জেরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। ট্রেনটি থামানোর সঙ্গে সঙ্গে রেলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে দেন। হাতের কাছে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র এবং অন্যান্য সামগ্রী দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্প সময়ের জন্য ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন নেভানোর পর ট্রেনটি আবার জয়সলমেরের উদ্দেশ্যে রওনা দেয়।"

ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ১৪ জানুয়ারি পোখরান রেলস্টেশনে সবরমতী এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার মাত্র কয়েক সপ্তাহ পর এই ঘটনাটি ঘটল। ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময়সীমার কিছুক্ষণ আগে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ছিল, তখন একটি কোচ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন লাগার খবর পেয়ে স্টেশনে উপস্থিত রেল কর্মী এবং নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। তাঁরা অনেক চেষ্টার পর অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিনকয়েক আগে ওড়িশায় লাইনচ্যুত হয়ে পড়ে একটি সুপারফাস্ট এক্সপ্রেস। এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। গত বৃহস্পতিবার ওড়িশার জখপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। যদিও হতাহতের কোনও খবর নেই বলে জানান ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক রাউত। তিনি আরও জানান, সকাল ৮.৫১ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের সহায়তা করা হয়। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর। সংবাদ সংস্থাকে CPRO বলেন, "জখপুরে একটা ছোট লাইনচ্যুতর ঘটনা ঘটে। চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটা। কোনও প্রাণহানি হয়নি বা কেউ আঘাত পায়নি। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করা হয়। ছোটখাট লাইনচ্যুতি। হেল্পলাইন নম্বর 8114382367।"

from india https://ift.tt/Cd7S2MN
via IFTTT
0 Comments