মুম্বই : আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। এক অধ্যাপকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। ওই অধ্যাপকের নাম সূর্যনারায়ণ দাল্লা। আরও দু'জনের নাম রয়েছে এফআইআর রিপোর্টে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। মুম্বই পুলিশ সূত্রে খবর, এই মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের হাতে।

আইআইটি বম্বের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোড়ের মৃত্যু হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোনে প্রশ্নের উত্তর জানার জন্য ChatGPT ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছিল সাহিল। এরপর কর্তৃপক্ষ এবং বিভাগীয় প্রধানের সঙ্গে কথা হয় তাঁর। আর তারপর সেদিন সন্ধ্যাতেই হস্টেলে সাহিলের ঘর থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। সাহিল আত্মহত্যা করেছেন এবং তার পিছনে তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের কোনও ঘটনাই দায়ী বলে অভিযোগ তুলেছে ছাত্রের পরিবার এবং সহপাঠী ও আইআইটি বম্বের ছাত্রছাত্রীদের একটা বড় অংশ।

সম্প্রতি সাহিলের বাবা অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে 'জাতপাত তুলে গালাগাল' দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর শিরীষ বি কেদারের নির্দেশে তিনমাসেরও বেশি সময় ধরে সাহিলকে ভয় দেখানো হচ্ছিল, হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন তাঁর বাবা। এর আগে সাহিলের মা-ও অভিযোগ করেছেন যে, তাঁর ছেলেকে হেনস্থা করা হয়েছিল। সাহিলের মা বলেছিলেন, 'আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। সাংঘাতিকভাবে হেনস্থা করা হয়েছিল ওকে। আমি ন্যায়বিচার চাই।'

কী ঘটেছে

আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, এনার্জি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই ছাত্র পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার জন্য ChatGPT- তে প্রশ্নপত্র আপলোড করেছিল। কর্তৃপক্ষ এও জানিয়েছে, ওই ছাত্রের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এর পাশাপাশি জানা গিয়েছে, ওই ছাত্রের সঙ্গে বিভাগীয় প্রধান এবং এক প্রশিক্ষকের কথাও হয়েছিল। তাঁরা ওই ছাত্রের সঙ্গে আলোচনা করে আশ্বাস দিয়েছিলেন যে, পরীক্ষার হলে ঘটে যাওয়া ঘটনাটি তাঁর পড়াশোনার জগতে কোনওরকম বিরূপ প্রভাব ফেলবে না। বিভাগীয় প্রধান এবং প্রশিক্ষকের সঙ্গে কথা বলে হস্টেলে নিজের ঘরে ফিরে এসেছিলেন ওই ছাত্র। তারপর সন্ধ্যায় ওই ঘর থেকেই উদ্ধার হয় তাঁর দেহ।

ছাত্রের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয় আইআইটি পোওয়াই ক্যাম্পাসে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই ছাত্রের মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আনছে না কর্তৃপক্ষ। কী ঘটেছিল সেই সত্যিটা সামনে আনছে না আইআইটি পোওয়াই কর্তৃপক্ষ, এমনই অভিযোগ করেছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের আরও দাবি, ওই ছাত্রকে এই বলে ভয় দেখানো হয়েছিল যে, এক বছরের জন্য তাঁকে সাসপেন্ড করে দেওয়া হবে।

from india https://ift.tt/W3zaqLF
via IFTTT
0 Comments