কানপুরের রাস্তায় বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি পিষে দিয়েছে বেশ কয়েকজন পথচারীকে। ওই ঘাতক গাড়িটি এরপর ধাক্কা মেরেছে অটো, বাইক এবং ইলেকট্রিক পোলে। অভিযোগ উঠেছে এক প্রভাবশালী তামাক ব্যবসায়ী কে কে মিশ্রর ছেলে শিবম মিশ্রর বিরুদ্ধে। শোনা যাচ্ছে, এফআইআর- এ এই অভিযুক্তের নাম এড়িয়ে গিয়েছে পুলিশ। অভিযোগ, এফআইআর- এ অভিযুক্ত গাড়িচালকের নাম, পরিচয় দেওয়া হয়নি। ফলে পক্ষপাতিত্ব করা হচ্ছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

ঘটনার পর বাউন্সারদের সাহায্যে পালানোর চেষ্টা

'মদ্যপ' অবস্থায় 'বেপরোয়া' গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত শিবম, এমনটাই অনুমান। একের পর এক পথচারীকে ধাক্কা মেরে গুরুতর ভাবে জখম করেছেন তিনি। ধাক্কা দিয়েছেন একাধিক যানবাহনেও। রাস্তার পাশে দাঁড়ানো একটি বাইকে তো এত জোরে ধাক্কা মেরেছেন যে, বাইক আরোহী শূন্যে প্রায় ১০ ফুট লাফিয়ে ছিটকে পড়ে গিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হাতে-পায়ে, শরীরের অন্যান্য অংশে গুরুতর চোট পেয়েছেন অনেকেই। ফ্র্যাকচারও হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তের গাড়ির পিছনের আসছিলেন তাঁর বাউন্সাররা। এত বড় কাণ্ড ঘটানোর পর মোটেই গাড়ি থামানোর চেষ্টা করেননি শিবম। উল্টে বাউন্সারদের সাহায্যে এলাকা ছেড়ে পালানোর তালে ছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, বাউন্সাররা আশপাশের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।

একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, এক যুবককে প্রায় ১০ কোটি দামের ওই ল্যাম্বরগিনি থেকে নামানো হচ্ছে। কালো পোশাক পরা বাউন্সাররাই তাঁকে নামিয়ে আনছেন। এই যুবকই শিবম মিশ্র বলে জানা গিয়েছে। অথচ তাঁর নামই নাকি নেই এফআইআর- এ। এমনকি থানায় ওই ঘাতক গাড়িটি ঢেকে রাখা হয়েছে। পাহারায় রয়েছেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। যদিও এগুলি সবই সূত্রের খবর। পুলিশ এখনও কোনও বিবৃতি দেয়নি।

এর আগেও সংবাদ শিরোনামে এসে ছিলেন এই শিবম মিশ্র

বাউন্সারদের সাহায্যে দুর্ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করা শিবম মিশ্রর নামে এর আগেও গুরুতর অভিযোগ উঠেছে। ২০২৪ সালে আয়কর বিভাগের তরফে শিবমের বাবা কে কে মিশ্রর কারখানা বংশীধর টোব্যাকো প্রাইভেট লিমিটেডে রেড করা হয়েছিল। বিভিন্ন রিপোর্ট সূত্রে খবর, সংস্থার বার্ষিক আয় ২০ থেকে ২৫ কোটি টাকা বলা হয়েছিল। তবে আসলে এই পরিমাণ ছিল ১০০ থেকে ১৫০ কোটি টাকা। দিল্লির বসন্ত বিহারে মিশ্রদের আলিশান বাসস্থান থেকে একগুচ্ছ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইনকাম ট্যাক্সের তদন্তকারী দল। সবেরই নম্বর প্লেট ছিল '৪০১৮'. প্রায় ৫০ কোটি টাকার গাড়ি ছিল ওই তালিকায়। তার মহ্যে ছিল একটি ল্যাম্বরগিনি Revuelto- ও এবং প্রসঙ্গত উল্লেখ্য, ওই গাড়িটিই রবিবার কানপুরের ফুটপাথে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে।

from india https://ift.tt/FBdG7qR
via IFTTT
0 Comments